হাসিনা ও আ’লীগের ভবিষ্যৎ কী
নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি দিবস পালিত হয়ে গেল গত ৫ আগস্ট। গত বছর এ দিনে জনরোষে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছিল অভাবিতভাবে। পালিয়ে গিয়েছিলেন নিষ্ঠুর শাসক হিসেবে বিশ্বে পরিচিত শেখ হাসিনা ও তার সাঙ্গোপাঙ্গরা, যেটি ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। কারণ, বিশ্বের অন্যান্য আজ্ঞাবহ স্বৈরশাসক যারা গণ-বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তাদের মধ্যে খুব কম শাসক প্রভু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। সে দিক থেকে শেখ হাসিনা ভাগ্যবান। কারণ, জুলাই বিপ্লবে উৎখাত হওয়ার পর প্রায় নিজের দেশের মতো করে ভারতে থাকছেন।